ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের ক্ষত কাটতে না কাটতেই এবার কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার তিন দেশ। আফগানিস্তানে শক্তিশালী এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও এর প্রভাবে পাকিস্তান ও ভারতের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছে। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ছাড়িয়ে ভারতের দিল্লি ও কাশ্মীরেও তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় হওয়া এই ভূমিকম্পের প্রভাব দিল্লি, জম্মু ও কাশ্মীরসহ ভারতের উত্তরাঞ্চল, পাকিস্তানের বিভিন্ন প্রদেশ এবং আফগানিস্তানের একাধিক এলাকায় অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২ এবং এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান। সংস্থাটি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের জুরম এলাকার ৪৩ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।
তবে পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং এর গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, ভূমিকম্পের প্রভাবে দেশটির রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা—রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ার, সোয়াত, বান্নু, চিত্রালসহ একাধিক শহরে তীব্র কম্পন অনুভূত হয়। এ ছাড়া আজাদ কাশ্মীরের নীলম ভ্যালি ও মুজাফফরাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় কম্পন দীর্ঘ সময় স্থায়ী হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ভূমিকম্পের সময় চরম আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে। এ সময় নারী ও শিশুদের কান্নাকাটি করতে দেখা যায়।
এর আগে গত বুধবার সন্ধ্যায় দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় এক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধূলিসাৎ হয়ে যায়। ওই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যু এবং হাজার হাজার মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, সেখানে এখনো ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সেই ভয়াবহতার কয়েক দিনের মাথায় এবার কেঁপে উঠল দক্ষিণ এশিয়া।
দেশবার্তা/একে