ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে মো. রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে চারটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃত নগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৯টার দিকে রাফসান শেখ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে সাপে কামড়ায়।
পরে পরিবারের লোকজন উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।সেখানে রোগীর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, গত ১৫ দিন আগেও রাফসান শেখকে তাদের পুকুর পাড়ে সাপে কামড় দেয়। তখন স্থানীয় এক ওঝা এনে ঝাড়ফুঁকের পর সুস্থ হয়। শনিবার রাতে পুনরায় তাকে সাপে কামড় দিলে ওই ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়। একপর্যায়ে ভোরের দিকে তার মৃত্যু হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রাত চারটার দিকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন ডা. সুমন রায় দায়িত্বে ছিলেন। তিনি রোগীর অবস্থা দেখে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু রোগীর পরিবার অ্যান্টিভেনম দিতে রাজি না হলে তাদের সম্মতিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে ভোরের দিকে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
প্রতিনিধি/আরএইচ