জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় লক্ষ্মীপুরে ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে সারা দেশের মতো লক্ষ্মীপুরেও একযোগে ক্যাম্পেইন শুরু হয়। জেলার ১ হাজার ৪৮০টি কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল দেওয়া হচ্ছে।
সকালে লক্ষ্মীপুর পৌরসভার একটি টিকাদান কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক সম্রাট খীসা। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, পৌরসভার প্রকৌশলী জুলফিকার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আবদুল্লাহ হিল হাকিমসহ অন্যান্য কর্মকর্তা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর জেলায় মোট ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩৪৬, সদর উপজেলায় ১ লাখ ১৫ হাজার, রায়পুরে ৫১ হাজার ৩৫৫, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০, রামগতিতে ৪৯ হাজার ৭৫০ এবং কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ জন শিশু রয়েছে।
মোট লক্ষ্যমাত্রার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা জুড়ে ৩ হাজার ৫৬৮ জন স্বাস্থ্যকর্মী ও ১৯৪ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিনিধি/আরএইচ