দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর পৌরসভার আয়োজনে পৌরসভা হলরুমে ১২ থেকে ৫৯ মাস বয়সী এক শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে তিনি পৌর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাবে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। বিশেষ করে ভিটামিন ‘এ’-এর ঘাটতির কারণে রাতকানাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। এ কারণে সরকার দীর্ঘদিন ধরে শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিকভাবে রঙিন ফল, সবজি ও ছোট মাছের মতো পুষ্টিকর খাবার থেকে ভিটামিন ‘এ’-এর চাহিদা পূরণ করা সম্ভব হলেও সবার সেই আর্থিক সামর্থ্য নেই। তাই দেশের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’-এর সুরক্ষার আওতায় আনতে সরকার নিয়মিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে কোনো শিশুই এ কর্মসূচির বাইরে না থাকে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম রসূল রাব্বী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মমরেজ সুলতানা, ইপিআই সুপারভাইজার মো. হাসানুজ্জামান চৌধুরী এবং দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাদমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রতিনিধি/আরএইচ