সারা দেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে রোববার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আজ মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে. দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, আজ দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এর অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শরীরে সঞ্চিত থাকে না; তাই এটি খাবার ও সম্পূরক ক্যাপসুলের মাধ্যমে গ্রহণ করতে হয়। সময়মতো টিকা না দেওয়ার কারণে দেশে হামের মতো জটিল রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। তাই শিশুদের টিকাদান ও পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
তিনি জানান, ময়মনসিংহে দিনব্যাপী ২৩৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাসকান্দা বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকার কোনো শিশুই যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি তিনি অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবকদের এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রশাসক বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো শিশুই যেন এ কর্মসূচির আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
প্রতিনিধি/আরএইচ