সহকর্মীদের বেতন জোগাতে ছুটির দিনে প্রধান শিক্ষকের সাঙ্গু নদীতে নৌকা চালানোর খবরটি নজরে আসার পর বান্দরবানের থানচি উপজেলার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়ে স্কুলটি সরকারি করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনার সময় শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন।
সংসদে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজ মহান সংসদে তিনি এই স্লিপ পাঠিয়েছেন। স্কুলটি শিগগিরই জাতীয়করণ করা হবে।’
এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর দেখতে পান। সেখানে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন তার সহকর্মীদের বেতন জোগাতে ছুটির দিনে নৌকা চালান। শুধু গত মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে তিনি ৪০ হাজার টাকা আয় করেছেন, যার মধ্যে ৩০ হাজার টাকাই দিয়েছেন সহকর্মীদের বেতন বাবদ।
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, ‘যেখানে দুর্গম পাহাড়ি অঞ্চলে একটি স্কুল টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ, সেখানে এই প্রধান শিক্ষক অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। বিষয়টি নজরে আসার পরই প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে স্কুলটি জাতীয়করণের জন্য যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন।’
জানা গেছে, ২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে দুর্গম পাহাড়ি এলাকার অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ায় তারা নিয়মিত স্কুলের বেতন-ফি দিতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন চালানো এবং স্কুলের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছিল।
সরকারের এই সিদ্ধান্তের ফলে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের সংকটের অবসান হতে যাচ্ছে।
দেশবার্তা/একে