ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২৮ জুন, ২০২৬, ২১:০৬
চলমান বার্তা:
জোড়া ভূমিকম্প
ভেনেজুয়েলায় গোল্ডেন আওয়ার শেষ, এখন শুধুই অলৌকিকের অপেক্ষা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১৬:৪১ আপডেট: ২৮.০৬.২০২৬ ১৯:৪০  (ভিজিটর : )

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প আঘাত হানার পর উদ্ধার অভিযানের অতিগুরুত্বপূর্ণ ‘গোল্ডেন আওয়ার’ বা প্রথম ৭২ ঘণ্টা পার হয়েছে। অলৌকিক কিছুর আশা বাদ দিলে, সময় যত গড়াচ্ছে ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা হাজার হাজার মানুষের জীবিত ফেরার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।

সাধারণত যেকোনো বড় প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম তিনদিন বা ৭২ ঘণ্টার মধ্যে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বিশেষজ্ঞরা একে ‘গোল্ডেন সময়’ বলে থাকেন। এই সময় পার হওয়ার পর শরীর মারাত্মকভাবে পানিশূন্য হতে শুরু করে এবং আটকে পড়া মানুষ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তবে আশার আলোও একেবারে নিভে যায়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, অতীতের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দুর্যোগের ৫ থেকে ৬ দিন পরও ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাকে জীবিত উদ্ধারের নজির রয়েছে।

ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত জটিল ও ভয়াবহ বলে বর্ণনা করেছেন মেক্সিকোর উদ্ধারকারী দলের সদস্য ডেভিড ইমানুয়েল ভিয়া। তিনি বলেন, “সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ছিল অনেক উঁচু, আর ভেতরে আটকে পড়া মানুষের সংখ্যাও অনেক বেশি।”

উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, গত বুধবার যে দুটি বড় ভূমিকম্প আঘাত হানে, সেগুলোর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের খুব গভীরে ছিল না। একটার পর একটা তীব্র ঝাঁকুনিতে চোখের পলকে ধসে পড়ে বহুতল ভবনগুলো। ভবনগুলো যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, তাতে ভেতরে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা ডেভিডের। 

তবে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে এই উদ্ধারকারী বলেন, ‘পরিস্থিতি যতই কঠিন হোক, এর আগে আমরা এমন ধসে পড়া ভবন থেকে ১০ দিন পরও একজনকে জীবিত উদ্ধার করতে পেরেছিলাম।’

এদিকে জীবিতদের উদ্ধারের পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অনবরত আফটারশক বা মৃদু ভূকম্পন। 

রেডক্রসের আমেরিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক লয়েস পেস সিএনএনকে বলেন, ‘অনবরত আফটারশক উদ্ধার অভিযানকে ব্যাপকভাবে ব্যাহত করছে। যারা ধ্বংসস্তূপের নিচে এখনো কোনোমতে টিকে আছেন, এই ছোট ছোট কম্পনগুলো তাদের বেঁচে থাকার সম্ভাবনা আরও কমিয়ে দিচ্ছে।’

লয়েস পেস আরও জানান, ভেনেজুয়েলায় মাঠপর্যায়ে কর্মরত রেডক্রস কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারা। প্রতি মুহূর্তেই সেখান থেকে আফটারশকের খবর আসছে, যা উদ্ধারকারীদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনবরত মাটির নিচের এই কম্পনের কারণে উদ্ধারকারীদের প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।