ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২২:০৯
চলমান বার্তা:
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মত শেষ ষোলোয় কানাডা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৫০ আপডেট: ২৯.০৬.২০২৬ ১৪:৪৭  (ভিজিটর : )
 ম্যাচের শেষ সময়ে গোলের পর কানাডার খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স

ম্যাচের শেষ সময়ে গোলের পর কানাডার খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স

আক্রমণে চাপ বাড়িয়েও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না কানাডা। ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে, সেই মুহূর্তে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দিলেন স্টেফেন অন্তুনজুস্তাক। দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে শেষ ষোলোয় উঠল বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। সূত্র : বিডিনিউজ 

লস অ্যাঞ্জেলসে রোববার নকআউট পর্বের প্রথম ম্যাচটি ১-০ গোলে জিতেছে কানাডা।

অধিকাংশ সময় বল দখলে রেখে, পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলে দক্ষিণ আফ্রিকা। রক্ষণ জমাট হওয়ায় এবং পোস্টে রনওয়েন উইলিয়ামসের মতো বিশ্বস্ত একজন থাকায় হয়তো অতিরিক্ত সময় ও টাইব্রেকারে ম্যাচ টেনে নেওয়ার আশায় ছিল দলটি; তাদের সেই আশা ভেঙে দিলেন অন্তুনজুস্তাক।

পুরো ম্যাচে গোলের জন্য ১২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে জেসি মার্শের দল। দক্ষিণ আফ্রিকার ছয় শটের একটিই লক্ষ্যে ছিল।

প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠা দুই দলই বেশ আত্মবিশ্বাসী শুরু করে। ফুটবল যদিও খুব গতিময় ছিল না, দুই পাশে গোলরক্ষকের তেমন পরীক্ষাও কেউ নিতে পারছিল না।

২১তম দারুণ একটা সুযোগ পায় কানাডা, কিন্তু হতাশ করেন ডেরেক কর্নেলিয়াস। সতীর্থের ক্রস ছয় গজ বক্সে ফাঁকায় পেয়েও ঠিকঠাক হেড করতে পারেননি মার্সেই ডিফেন্ডার।

ধীরে ধীরে আক্রমণে চাপ বাড়ায় কানাডা, তবে রক্ষণে মজবুত ছিল দক্ষিণ আফ্রিকা। ৪৫তম মিনিটে আবারও গোলের কাছাকাছি যায় কানাডা। কর্নারে মোইস বোম্বিতো হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও, গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার মোদিবা, ফিরতি বল জটলার মধ্যে পেয়ে শট নেন বুকান্যান, কিন্তু সেটা সোজাসুজি যায় গোলরক্ষক বরাবর।

৬৫তম মিনিটে গতিময় প্রতি-আক্রমণে সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে শট নেন ট্যানি ওলুয়াশেয়ি। এগিয়ে এসে সেটা রুখে দেন রনওয়েন উইলিয়ামস। তারপরও হুমকি ছিল, ডান দিকে বলের দিকে ছুটে যাচ্ছিলেন জোনাথান ডেভিড, বলের সঙ্গে তার স্পর্শের আগমুহূর্তে অসাধারণভাবে ক্লিয়ার করেন সেন্টার-ব্যাক মেজিন বোয়াজ।

১০ মিনিট পর বদলি নামেন কানাডার তারকা ফুটবলার আলফুঁস ডেভিস। ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে পাওয়া চোট কাটিয়ে ফিরলেন তিনি।

১৫ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামলেন এই ডিফেন্ডার। গত বছরের মার্চে দেশের হয়ে এখানেই খেলার সময় চোট পেয়েছিলেন ডেভিস।

মাঠে নামার পরের মিনিটেই দারুণ একটি সুযোগ তৈরি করেন তিনি। তার পাস ধরে ২০ গজ দূর থেকে ডেভিডের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর, অন্য পাশে অ্যাপোলিসের দূর থেকে নেওয়া শট ঝাঁপিয়ে আটকান কানাডার গোলরক্ষক।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অবশেষে মেলে গোলের দেখা। জন্সটনের ক্রস ডি-বক্সে হেডে ক্লিয়ার করেন একজন, কিন্তু ফিরতি বল ডি-বক্সের বাইরে পেয়ে বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত হাফ ভলিতে দলকে শেষ ষোলোয় পৌঁছে দেন মিডফিল্ডার অন্তুনজুস্তাক।

বিশ্বকাপে প্রথম গোল পেলেন মেজর সকার লিগের এই ফুটবলার এবং সেটা কী অসাধারণ মুহূর্তেই না পেলেন!

দেশবার্তা/এসবি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।