ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২৮ জুন, ২০২৬, ২১:০৬
চলমান বার্তা:
এবার আর্জেন্টিনার বিদায় দেখছেন সেই আধ্যাত্মিক চিকিৎসক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১৭:৪৪  (ভিজিটর : )

ফুটবল মাঠে লড়াই শুরু হওয়ার আগেই কখনো কখনো আলোচনার কেন্দ্রে চলে আসেন মাঠের বাইরের মানুষ। ২০২৬ বিশ্বকাপে এবার তেমনই এক আলোচিত নাম ঘানার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক চিকিৎসক নানা কওয়াকু বোনসাম। ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেনকে নিয়ে করা তাঁর একটি ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর, এবার আরও এক বিস্ময়কর দাবি করেছেন তিনি।

বোনসামের মতে, চলতি বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দেবে এবারই প্রথম বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার দেশ কেপ ভার্দে।

রাউন্ড অব থার্টিটু (৩২ দলের পর্ব) সামনে রেখে নিজের নতুন ভবিষ্যদ্বাণীতে নানা কওয়াকু বোনসাম বলেছেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে।’ বিশ্বকাপের নকআউট পর্বের আগে তাঁর এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন ও আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে ঘানা ও ইংল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচের আগে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে লক্ষ্য করে ‘অভিশাপ’ দেওয়ার দাবি করেছিলেন বোনসাম। তখন তিনি বলেছিলেন, ‘কেনকে গোল করতে দেবেন না।’ কাকতালীয়ভাবে সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং ইংলিশ অধিনায়কও গোলের দেখা পাননি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়।

অবশ্য ম্যাচ শেষ হওয়ার পর বোনসাম জানান, তিনি হ্যারি কেনের ওপর থেকে সেই অভিশাপ তুলে নিয়েছেন এবং পরের ম্যাচেই গোল করবেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর সেই ভবিষ্যদ্বাণীও সত্যি হয়েছে। পানামার বিপক্ষে ম্যাচে গোল পেয়েছেন এই ইংলিশ ফুটবলার। 

এরপর বোনসাম রসিকতা করে বলেন, ‘হ্যারি কেন আমার শত্রু নয়। আমার একটি সন্তান আছে, যার নাম আমি হ্যারি কেনের নামে রাখতে চাই।’

শুধু আর্জেন্টিনা বা হ্যারি কেনকে নিয়েই নয়, পুরো বিশ্বকাপ নিয়ে বড় এক ভবিষ্যদ্বাণী করে রেখেছেন ঘানার এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তাঁর দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোই অধরা সেই ট্রফি উঁচিয়ে ধরবেন। বোনসামের ভাষায়, এই বিশ্বকাপের ভাগ্য নাকি মাঠের লড়াইয়ের আগেই নির্ধারিত হয়ে গেছে!

এখন দেখার বিষয়, হ্যারি কেনের পর আর্জেন্টিনার ভাগ্য নিয়ে করা বোনসামের এই মেলানো ভবিষ্যদ্বাণী মাঠের সমীকরণে কতটা সত্যি প্রমাণিত হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।