বাছাইপর্বের কঠিন বাধা এড়িয়ে নিগার সুলতানা জ্যোতির দল সরাসরি জায়গা করে নিয়েছে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতার সুফল পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে পরবর্তী আসরের আগে টাইগ্রেসদের আর কোনো বাছাইপর্বের মুখোমুখি হতে হবে না।
এর আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে ওঠার জন্য বাংলাদেশকে পেরোতে হয়েছিল বাছাইপর্বের দেয়াল। সেখানে অবশ্য সবকটি ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই মূল আসরে জায়গা করে নিয়েছিল জ্যোতি-মারুফারা।
এরপর বিশ্বকাপের মূল মঞ্চে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় দলটি। এই দুই জয়ে গ্রুপ ‘এ’-তে চতুর্থ স্থান নিশ্চিত হয় বাংলাদেশের, যা তাদের সরাসরি পরবর্তী বিশ্বকাপে খেলার টিকিট এনে দেয়।
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে বাংলাদেশের সঙ্গে শীর্ষ আট দলের তালিকায় জায়গা করে নেওয়া বাকি দলগুলো হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এই আট দলের সঙ্গে স্বাগতিক হিসেবে পাকিস্তানের অংশগ্রহণও নিশ্চিত। আর টুর্নামেন্টের শেষ ও দশম দলটি নির্ধারণ করা হবে আগামী ৬ জুলাই প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ভিত্তিতে।
বর্তমান সমীকরণ অনুযায়ী, সেই সুযোগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে আয়ারল্যান্ড।
অন্যদিকে, ২০২৭ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্স ট্রফির ছয়টি দলও চূড়ান্ত হবে আগামী ৬ জুলাইয়ের একই র্যাংকিংয়ের ভিত্তিতে। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি র্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দল অংশ নেবে এই মেগা ইভেন্টে।
বর্তমান অবস্থান অনুযায়ী সম্ভাব্য সেই পাঁচ দল হলো- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
দেশবার্তা/একে