বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আয়োজিত এ উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
এসময় আরও উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান সহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক দাবাড়ু অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দাবা শুধু একটি খেলা নয়; এটি মেধা, ধৈর্য, কৌশল ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে মানসিক বিকাশে দাবা চর্চার বিকল্প নেই। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের দাবাড়ু তৈরিতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনের পরপরই প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দাবা ক্লাবের বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলাগুলো পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুমোদিত আর্বিটারবৃন্দ।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু জানান, নির্ধারিত রাউন্ড শেষে সেরা খেলোয়াড়দের মধ্যে ট্রফি, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে। সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।