গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ বসবাসের জন্য নির্মাণাধীন আবাসিক ভবন ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে মহানগরীর চান্দনা পূর্বপাড়া এলাকায় বারি ও ব্রি'র বিজ্ঞানী- কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত উদ্যোগে অরাইজা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি গাসিক প্রশাসক শওকত হোসেন সরকারকে অরাইজা টাওয়ারের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
অরাইজা টাওয়ারের সদস্য সৈয়দ মো. রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাউদ্দিন চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সুরুজ আহাম্মেদ, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির, গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে গাসিক প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ‘অরাইজা টাওয়ার’ নির্মিত হলে বারি ও ব্রির কর্মকর্তা-কর্মচারীরা আধুনিক, নিরাপদ ও মানসম্মত আবাসন সুবিধা পাবেন। এর ফলে তাদের কর্মপরিবেশের উন্নয়নের পাশাপাশি জীবনমানও আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠান শেষে প্রকল্পটির নাম ফলক উন্মোচন করে প্রকল্পটির সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মজীবীদের জন্য উন্নত আবাসন নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।