নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় কলেজ চত্বরে আয়োজিত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও একটি করে গাছ দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম রানা (ভিপি রানা), খায়রুল আলম গোল্ডেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু নবীন শিক্ষার্থীদের অভিনন্দন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কলেজের শিক্ষা সম্পন্ন করে কর্মজগতে প্রবেশ করা জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার ও দায়িত্বশীল আচরণ জরুরি। বিশেষ করে প্রথম বর্ষে মনোযোগী হওয়া ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের দক্ষ করে গড়ে তুলে পরিবার, সমাজ, দেশ, সভ্যতা ও সংস্কৃতিকে আরও এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
প্রতিনিধি/আরএইচ