ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যাংক ঘেরাও ও মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১৭:৪৮  (ভিজিটর : )

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৯ জুন) সকাল থেকে ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপিএস করার কথা বলে ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ বিভিন্ন গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা গ্রহণ করেন।

তবে সেই অর্থ ব্যাংকের মূল অনলাইন সার্ভারে জমা না করে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন বলে অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে গ্রাহকদের মোবাইলে লেনদেনের কোনো নিশ্চিতকরণ বার্তা না পৌঁছালেও সার্ভার সমস্যার কথা বলে তাদের আশ্বস্ত করা হতো।

মানববন্ধনে অংশ নেওয়া এক নারী গ্রাহক জানান, তিনি পাঁচ বছরের জন্য ৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। প্রয়োজনীয় ফরম পূরণ করে টাকা জমা দিলেও বর্তমানে ব্যাংকের হিসাবে তার কোনো অর্থ দেখানো হচ্ছে না।

অপর এক নারী গ্রাহক অভিযোগ করেন, তিন লাখ টাকা ফিক্সড করার পর কিছু অর্থ পেলেও বর্তমানে তার হিসাবে মাত্র ৫০০ টাকা রয়েছে।

শুধু সাধারণ গ্রাহকরাই নন, প্রতারণার শিকার হয়েছেন আউটলেটটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীও। তিনি দাবি করেন, অভিযুক্ত ক্যাশিয়ার তার মাদার অ্যাকাউন্টের ১০ লাখ টাকাও আত্মসাৎ করেছেন, ফলে অ্যাকাউন্টটি বর্তমানে শূন্য অবস্থায় রয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ পলাতক রয়েছেন। বিষয়টি জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আউটলেটটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, এ পর্যন্ত ১৫ জন ভুক্তভোগী গ্রাহকের সুনির্দিষ্ট তথ্য হাতে পেয়েছি। রিয়াদ গ্রাহকদের টাকা ব্যাংকে জমা না দিয়ে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানিয়েছি এবং থানায় জিডি করেছি।

রিয়াদের পরিবারও আমাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছে।

এদিকে অভিযুক্তের পরিবারের সদস্যরা সামাজিক মর্যাদা ও সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন। তারা রিয়াদ সামনে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন।

কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়া ভুক্তভোগী পরিবারগুলো জালিয়াতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং আত্মসাৎ হওয়া অর্থ ফেরত পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।