কুমিল্লার হোমনা পৌরসভায় এ মাসের শুরুতে পাগলা কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনার পর অবশেষে সোমবার (২৯ জুন) থেকে শুরু হয়েছে ব্যাপক টিকাদান কর্মসূচি।
সে সময় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কুকুরের অতর্কিত আক্রমণে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট থাকায় আক্রান্তদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হয়েছিল। জনদুর্ভোগের এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের বিশেষ নজরে আসে।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলমের তত্ত্বাবধানে এ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এলাকাবাসীর সুরক্ষায় উপজেলার প্রায় ৮০০টি কুকুরকে এ কর্মসূচির আওতায় আনা হবে। কার্যক্রমটি দ্রুত সম্পন্ন করতে মাঠে নেমেছে দুটি বিশেষ টিম। প্রতিটি টিমে রয়েছেন দুজন ডগ ক্যাচার ও একজন ভ্যাকসিনেটর। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, “এ মাসের শুরুর ঘটনার পর জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। উপজেলার প্রায় ৮০০টি কুকুরকে ভ্যাকসিনের আওতায় এনে হোমনাকে জলাতঙ্কমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম বলেন, “দক্ষ ডগ ক্যাচার ও ভ্যাকসিনেটরদের নিয়ে দুটি টিম মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। সুপরিকল্পিতভাবে এই টিকাদান কার্যক্রম সম্পন্ন করে কুকুরের মাধ্যমে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি কমিয়ে আনা হবে।”
প্রতিনিধি/আরএইচ