বরগুনার বেতাগী উপজেলায় এক শিশুশিক্ষার্থীকে জোরপূর্বক পায়ুপথে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় মুহাসিন হাসান ওরফে আব্দুর রহিম (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
আসামি বামনা উপজেলার বামনা সদরে বসবাসকৃত মোঃ মোস্তফা এর ছেলে মুহাসিন হাসান ওরফে আব্দুর রহিম (২৪)।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী উপজেলার ৪ নম্বর মোকামিয়া ইউনিয়নের একটি নূরানী মাদ্রাসার শিক্ষক মহাসিন হাসান ওরফে আব্দুর রহিম ওই একই মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করে।
ঘটনার পর ভিকটিম বিষয়টি মাদ্রাসার প্রধান শিক্ষককে জানালে তিনি মাদ্রাসার পরিচালককে অবহিত করে ভিকটিমকে তার বাড়িতে পাঠিয়ে দেন। পরে শিশুটির পিতা বিষয়টি মাদ্রাসার পরিচালক ও সেক্রেটারিকে জানালে তারা ঘটনাটি গোপন রাখার অনুরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, অভিযুক্ত মুহাসিন এর আগেও একই মাদ্রাসার আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে লোক লজ্জা ও ভয়ের কারণে তারা বিষয়টি প্রকাশ করেননি। এছাড়া মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আসামি অতীতেও ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে বিভিন্ন মাদ্রাসায় একই ধরনের অপরাধে জড়িত ছিলেন।
সোমবার (২৯ জুন) অভিযুক্ত হাফেজ মুহাসিন হাসান ওরফে আব্দুর রহিম স্বেচ্ছায় বরগুনার বেতাগীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন আবেদনে তিনি দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।
মামলার এজাহার, ভিকটিমের জবানবন্দি, আসামিপক্ষের জামিন আবেদন এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে অভিযুক্ত মুহাসিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রতিনিধি/আরএইচ