ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
মাধবদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১৬:৪৭  (ভিজিটর : )

নরসিংদীর মাধবদীতে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে এক কিশোরী (১৩) ও এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বর্দ্দেরকান্দা গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন।

এই ঘটনায় বর্দ্দেরকান্দা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে অভিযুক্ত আওলাদ হোসেনের (২৬) বিরুদ্ধে ১ জুলাই (বুধবার) মাধবদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবক আওলাদ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার (২৯ জুন) দুপুরে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের ওই কিশোরীকে ফুসলিয়ে এবং ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে গ্রামের ওই বাক-প্রতিবন্ধী তরুণীকে ডেকে এনে একইভাবে ধর্ষণ করা হয়।

প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনাটি তাঁর মাকে খুলে বললে গত মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি এলাকায় জানাজানি হয়। ওই রাতেই ১০-১২ জন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী পরিবার মাধবদী থানায় গিয়ে আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেয়। পরে গত বুধবার (১ জুলাই) নির্যাতনের শিকার দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করানোসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয় পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে থাকলেও তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার মাত্র এক ঘণ্টার মধ্যে আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ।

তিনি এই ঘটনার সত্যতা নিশ্চিত করে আরও বলেন, "অপরাধের বিষয়ে আমরা 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করছি। একজন প্রতিবন্ধী তরুণী ও কিশোরীর সাথে ঘটে যাওয়া এই জঘন্য অপরাধের খবর পাওয়া মাত্রই আমাদের টিম তৎপর হয় এবং আসামিকে দ্রুত গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

পুলিশের এই দ্রুত ও সফল অভিযানের জন্য স্থানীয় এলাকাবাসী মাধবদী থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।