ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২১:৫০
চলমান বার্তা:
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০, আহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১৫:৩৪ আপডেট: ০৩.০৭.২০২৬ ১৫:৪৫  (ভিজিটর : )

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার ধনাসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের দিকে যাচ্ছিল। প্রাদেশিক সীমান্ত অতিক্রম করে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে প্রবেশের মুখে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আটজন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে ঘটনার পরপরই উপদ্রুত এলাকায় উদ্ধার অভিযান শুরু করা হয়। উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট বিভাগগুলো যৌথভাবে কাজ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার জানান, বাসটি যখন কোয়েটা থেকে রওনা হয়েছিল, তখন এতে যাত্রী ছিলেন ৩৬ জন। তবে পথিমধ্যে বিকল হয়ে পড়ে থাকা অন্য একটি বাসের যাত্রীদেরও এই বাসটিতে তুলে নেওয়া হয়েছিল।

এদিকে খাইবার পাখতুনখোয়ার জরুরি উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে বাসটিতে মোট ৪৮ জন আরোহী ছিলেন। খবর পাওয়ার পরপরই ঝোব জেলার জরুরি পরিষেবা ও রেসকিউ ১১২২-এর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

সংস্থাটি আরও জানায়, আহত আটজনকে উদ্ধার করে ঝোব জেলা সদর হাসপাতালে (ডিএইচকিউ) ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহগুলো প্রথমে নিকটবর্তী একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও পরবর্তীতে ময়নাতদন্ত ও হস্তান্তরের জন্য ঝোব জেলা সদর হাসপাতালেই স্থানান্তর করা হয়।

এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

পৃথক এক শোকবার্তায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, ‘উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে বেলুচিস্তান সরকার ভুক্তভোগী পরিবারগুলোর পাশে রয়েছে।’

পাকিস্তানে পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ রাস্তায় প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলার নাওয়াগাই আসবানর এলাকায় একটি গাড়ি গভীর খাদে পড়ে তিন নারীর মৃত্যু হয়। এছাড়া গত ৩১ মার্চ আপার চিত্রালে আরেকটি জিপ খাদে পড়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছিল। সূত্র: ডন

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।