ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম মেক্সিকোর জন্য কেবলই এক পয়মন্ত ভেন্যু নয়, যেন এক অভেদ্য দুর্গ। এই মাঠে ৮৯টি ম্যাচ খেলে মেক্সিকানরা হেরেছে মাত্র ২টিতে; যার সর্বশেষটি ছিল ২০১৩ সালে। এমনকি বিশ্বকাপে এই মাঠে ১০ ম্যাচ খেলে মেক্সিকো এখনো অপরাজিত (৮ জয় ও ২ ড্র)। এমন এক কঠিন ইতিহাসের সামনে দাঁড়িয়ে আগামীকাল সকালে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।
আর এই অজেয় দুর্গ ভাঙতে হ্যারি কেইন ও জুড বেলিংহামরা নাকি এক ভিন্নধর্মী কৌশল বেছে নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’- এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট হিসেবে পরিচিত ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামতে পারেন ইংলিশ ফুটবলাররা।
উচ্চতার চ্যালেঞ্জ ও কোচের সবুজ সংকেত
আজতেকা স্টেডিয়ামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৩৫০ ফুট (২২৪০ মিটার) উঁচুতে অবস্থিত। এত উঁচুতে বাতাসে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক কম থাকে। ফলে যে দলগুলো এই পরিবেশ বা কন্ডিশনে খেলতে অভ্যস্ত নয়, তাদের খেলোয়াড়রা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন এবং স্বাভাবিক স্ট্যামিনা ধরে রাখা কঠিন হয়ে দাঁড়ায়।
ইংল্যান্ডের নতুন কোচ টমাস টুখেল ফুটবলারদের এই প্রতিকূলতা জয়ের অনুমতি দিয়েছেন বলেই দলটির চিকিৎসকদল খেলোয়াড়দের ভায়াগ্রা খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দ্য সানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কেন বেছে নেওয়া হলো ভায়াগ্রা?
সাধারণত পুরুষদের লিঙ্গ উত্থানজনিত বা যৌন অক্ষমতার সমস্যায় ভায়াগ্রা ব্যবহার করা হলেও, এর একটি বিশেষ বৈজ্ঞানিক কার্যকারিতা রয়েছে। এই ট্যাবলেট মানবদেহের রক্তনালি প্রসারিত করতে সাহায্য করে। রক্তনালি প্রসারিত হলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, যা অধিক উচ্চতায় কম অক্সিজেনের প্রভাব মোকাবিলা করতে এবং ফুটবলারদের ফুসফুসের কার্যক্ষমতা সচল রাখতে সহায়তা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কম অক্সিজেনের কারণে খেলোয়াড়রা যাতে দ্রুত হাঁপিয়ে না ওঠেন, মূলত সেই ক্লান্তি দূর করতেই ইংল্যান্ডের চিকিৎসকদল এই দাওয়াই বেছে নিয়েছে।
নিয়মের বেড়াজালে কোনো বাধা নেই
যৌন শক্তিবর্ধক এই ওষুধ সেবনে ফুটবলারদের জন্য কোনো আইনি বা নিষেধাজ্ঞার জটিলতা নেই। বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) ভায়াগ্রাকে নিষিদ্ধ ওষুধের তালিকায় রাখেনি। ফলে প্রতিযোগিতার আগে বা চলাকালীন খেলোয়াড়দের এটি ব্যবহারে কোনো বাধা নেই।
রক্তনালির ওপর এর প্রভাবের কারণে ওয়াডা দীর্ঘদিন বিষয়টি নিয়ে গবেষণা করলেও, এটি স্বাভাবিক অবস্থায় খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়ায়—এমন কোনো বৈজ্ঞানিক তথ্য এখনো প্রতিষ্ঠিত হয়নি। তবে অধিক উচ্চতায়, যেখানে অক্সিজেনের ঘাটতি থাকে, সেখানে শরীরকে মানিয়ে নিতে ভায়াগ্রা কিছুটা সাহায্য করে বলে চিকিৎসকদের একাংশ মনে করেন। আর সেই বৈজ্ঞানিক সুবিধাকে কাজে লাগিয়েই আজতেকার দুর্গ জয় করতে চায় থ্রি-লায়ন্সরা।
দেশবার্তা/একে