জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাঁকে আত্মসমর্পণ করতে হবে এবং তাঁকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে। ওনাকে জেলে যেতে হবে। সে ক্ষেত্রে আইন আইনের গতিতে চলবে। আসামি যদি আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দেয়, তাহলে আমি মনে করি, এসব উসকানিমূলক বক্তব্য দিয়ে তিনি তাঁর দলের পালিয়ে থাকা নেতা-কর্মীদের জাগ্রত করার চেষ্টা করছেন। এছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না।’
শামা ওবায়েদ আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের সঙ্গে আমাদের যে প্রক্রিয়া আছে, কূটনীতিতে সেটা চলছে। যেকোনো আসামি যদি আত্মসমর্পণ করেন, বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন, সেটাই হবে।’
বিদেশে অবস্থানরত শেখ হাসিনার আত্মসমর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘উনি কি ভারতের নাগরিক? তাহলে ওখানে থানায় কী করবেন না করবেন এটা ওনার ব্যাপার, সেটা তো আমাদের ব্যাপার না। একজন আসামি কোথায় আত্মসমর্পণ করবেন, এটা একেবারে ওনার ব্যক্তিগত ব্যাপার এবং এখানে সরকারের কোনো বিষয় না। উনি বিদেশে বাংলাদেশের মিশনে আত্মসমর্পণ করুন বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুন, প্রক্রিয়া একই—ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা, তার মুখোমুখি হতে হবে।’
আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, একজন আসামি কী বক্তব্য দিচ্ছেন, সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নেবে না। বাংলাদেশের আইন অনুযায়ী একজনের সাজা হয়েছে, ইতোমধ্যে তিনি সাজাপ্রাপ্ত। সরকারের যে প্রক্রিয়া, সেটা আগে থেকেই চলমান আছে। এটা নতুন করে আর নতুন প্রক্রিয়ায় চলার কোনো অবস্থা নেই।
অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানানো হতো—বর্তমান সরকার এ বিষয়ে ভারতকে কিছু বলবে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সবকিছু বিবৃতি দিয়ে আপনাদের বলার কিছু নেই। ভারতের সঙ্গে আমাদের যে চলমান কথাবার্তা হয়, আলাপ হয়, বিনিময় হয়, তখন এসব বিষয় আলোচনায় থাকে। একজন আসামি যদি দেশের বাইরে থাকেন, তিনি আত্মসমর্পণ করুন বা না করুন, তাঁর জন্য বিচার একই হবে। আমাদের যে প্রক্রিয়া সরকার থেকে চলছে, সেটা চলমান আছে।’
দেশবার্তা/একে