ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৫:৩৬
চলমান বার্তা:
ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম ছাড়া সারা দেশে চলবে এইচএসসি পরীক্ষা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১৪:৪৫ আপডেট: ১৪.০৭.২০২৬ ২০:১৬  (ভিজিটর : )

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় আপাতত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও ভার্চুয়ালি অংশ নেন।

বৈঠক শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনায় নিয়ে চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া অন্য সব এলাকায় পরীক্ষা যথারীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলার পরীক্ষার নতুন সূচি পরে জানানো হবে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

বিক্ষোভের কারণে সায়েন্স ল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি, উত্তরা ও আব্দুল্লাহপুরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম জানান, বেলা পৌনে ১২টার দিকে বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলে আব্দুল্লাহপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন। তাঁদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ডও ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। জলাবদ্ধতা, দীর্ঘ যানজট ও যাতায়াত সংকটের কারণে অনেকেই নির্ধারিত সময়ের অনেক আগে বাসা থেকে বের হয়েও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী কাশেম শেখ বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি। তাই আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদ করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, সোমবারের পরীক্ষায় শিক্ষার্থীদের যে ভোগান্তি হয়েছে, তার দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। আমরা চাই শিক্ষার্থীদের দুর্ভোগকে গুরুত্ব দিয়ে দেখা হোক এবং এ বিষয়ে দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনা হোক।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।