দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১৭১টি শিশুর শরীরে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৪টি শিশুর মৃত্যু হয়েছে। আর ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫টি শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৯টি শিশু মারা গেল।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা গেছে আরও ৯৭৪ জনের শরীরে। এই এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪১টি শিশু, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৩৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ১০৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৭ হাজার ৮১৯ রোগী, যাদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
দেশবার্তা/একে