হঠাৎ করেই বিশ্বজুড়ে বিঘ্নিত হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের সেবা। বিশেষ করে কম্পিউটার বা ডেস্কটপ থেকে এই মাধ্যমগুলোতে লগইন করতে পারছেন না ব্যবহারকারীরা। একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন মেটার আরেক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও।
রোববার (১৯ জুলাই) বিকেল থেকে শুরু হওয়া এই বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষা, চাকরি ও দৈনন্দিন প্রাতিষ্ঠানিক নানা কাজে ফেসবুকের ওপর নির্ভরশীল লাখো মানুষ।
ডিজিটাল প্ল্যাটফর্মের সেবাবিঘ্ন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউন ফর এভরিওয়ান অর জাস্ট মি’-এর তথ্য অনুযায়ী, আজ বিকেল পৌনে ৩টার পর থেকে ফেসবুকের এই সমস্যাটি প্রকাশ পেতে শুরু করে। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় পৌনে এক ঘণ্টা ধরে ডেস্কটপ ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে পারছেন না।
এছাড়া আধ ঘণ্টার বেশি সময় ধরে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের ব্রাউজার সংস্করণেও একই জটিলতা দেখা যাচ্ছে। তবে মোবাইল অ্যাপ দিয়ে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যাচ্ছে বলে জানা গেছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা এই বিভ্রাটের শিকার হচ্ছেন। ওয়েবসাইটটির তথ্যমতে, বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন এবং রোমানিয়ার ব্যবহারকারীরা ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
একই সঙ্গে হাঙ্গেরি, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, কানাডা, ডেনমার্ক ও নিউজিল্যান্ড থেকেও ব্যবহারকারীরা একই ধরনের অভিযোগ তুলছেন।
মেটার পক্ষ থেকে এই কারিগরি ত্রুটির কারণ বা কখন নাগাদ সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দেশবার্তা/একে