প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসকরা যাতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে রোগীদের সেবা দেন, তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে উপস্থিত হয়ে এমন কোনো বৈঠকে অংশ নিলেন।
বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতের বিভিন্ন অগ্রগতি ও চ্যালেঞ্জের কথা শোনেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ দায়িত্বশীল কর্মকর্তারা অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের তথ্য তুলে ধরেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি এবং সেবার মান নিয়ে উঠা অভিযোগের বিষয়টি উল্লেখ করে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, যেভাবেই হোক গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। সন্তোষজনক চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করার পাশাপাশি সরকারি হাসপাতালকেই মানুষের ভরসার প্রধান কেন্দ্রে পরিণত করতে হবে।
দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না বলেও সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
বৈঠকে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজ করার বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়। প্রধানমন্ত্রী জানান, জেলা পর্যায়ের বর্তমান ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলায় ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি। এজন্য দ্রুত দক্ষ জনবল তৈরি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার ওপর জোর দেন।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা প্রয়োজনীয় অবকাঠামো ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি উপস্থাপনা চিত্র তুলে ধরেন।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে