দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৭ জনের মৃত্যু হলো।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া তিনজনের মধ্যে বরিশাল, খুলনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭২ জনের মধ্যে সর্বোচ্চ ১৭৭ জন ঢাকা বিভাগের। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ২ হাজার ৬০৫ জন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৫৪৯ জন, খুলনা বিভাগে ১ হাজার ৪২৫ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১ হাজার ৩৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৫৮ জন, ময়মনসিংহে ৪০৭ জন, রাজশাহীতে ৩৫১ জন, রংপুরে ১২০ জন এবং সিলেট বিভাগে ৮৩ জন রোগী ভর্তি হন।
বর্তমানে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৯ হাজার ৭৮৬ জন। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৩৪৬ জন।
মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং চলতি জুলাই মাসের আজ পর্যন্ত সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যু হওয়া মোট ৩৭ জনের মধ্যে সর্বোচ্চ ১৯ জন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া খুলনা ও ময়মনসিংহে ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৩ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
দেশবার্তা/একে