বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত রূপরেখা তৈরি ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিদ্যমান অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ধাপে ধাপে এটি সারাদেশে ছড়িয়ে দেওয়ার বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সামাজিক সুরক্ষার এই বড় উদ্যোগটি সারাদেশে সফল করতে হলে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরি করা অত্যন্ত জরুরি। প্রকৃত উপকারভোগীরা যেন কোনো ধরনের স্বজনপ্রীতি বা জটিলতা ছাড়া এই সুবিধা পান, সে জন্য তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও কার্ড বণ্টনের প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
কর্মসূচির সুফল নিশ্চিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর জোর দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা।
এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
দেশবার্তা/একে