ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
সিসিটিভি ফুটেজে ২০২৩ সালের তারিখ
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি
নির্বাচনী হলফনামায় দ্বিতীয় স্ত্রীর তথ্য নেই
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১৩:৫৭ আপডেট: ২৪.০৭.২০২৬ ১৭:০২  (ভিজিটর : )

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়- এমন একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিও প্রকাশের পর জামায়াতের জেলা মিডিয়া সেল প্রথমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও পরে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ জানায়, ভিডিওটি এআই-নির্মিত বা সম্পাদিত নয়, এটি একটি আসল সিসিটিভি ফুটেজ। তবে ফুটেজটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে ২০২৩ সালের ১ জুলাই তারিখ দেখা গেলেও এমপি গাজী নজরুল ইসলামের দাবি, তিনি ২০২৬ সালের ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি ভিডিওতে থাকা নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম বেগম বলে উল্লেখ করেন এবং পুরো ঘটনাকে ব্ল্যাকমেইল ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন।

এদিকে অনুসন্ধানে দেখা গেছে, ২০২৬ সালের নির্বাচনে জমা দেওয়া গাজী নজরুল ইসলামের নির্বাচনী হলফনামায় দ্বিতীয় স্ত্রীর বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

গত সোমবার (২০ জুলাই) রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজ ও কয়েকটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এমপি গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে অবস্থান, ফোনে কথা বলা এবং ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল পরিচালিত ‘ক্রাইম বার্তা’ দাবি করে, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ও বিকৃত ভিডিও।

তবে পরে বেঙ্গল লেন্স জানায়, তাদের প্রযুক্তিগত বিশ্লেষণে ভিডিওটি সম্পাদিত বা এআই-নির্মিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি এমপি সাহেবের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই বিয়ে হয়েছে। দ্বিতীয় স্ত্রীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে হলেও পরিবার বর্তমানে ঢাকায় বসবাস করে।

বিয়ের নির্দিষ্ট তারিখ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে ‘বেশ কিছুদিন আগে’ বিয়ে হয়েছে। তবে সিসিটিভি ফুটেজে ২০২৩ সালের তারিখ দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি প্রযুক্তিগতভাবে যাচাই করা প্রয়োজন।

ফেসবুক বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকার মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান। সেখানে তাঁর গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে গিয়ে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করেন।

তার অভিযোগ, ওই ব্যক্তিরা তাদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করেন এবং পরে আরও কয়েক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করা হয়।

এমপি দাবি করেন, এটি পারিবারিক বিরোধের জেরে সামাজিক ও রাজনৈতিকভাবে তাঁকে হেয় করার ষড়যন্ত্র। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে ভিডিওতে প্রদর্শিত ঘটনাবলী, সিসিটিভি ফুটেজের তারিখ এবং নির্বাচনী হলফনামায় দ্বিতীয় স্ত্রীর তথ্য না থাকার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো তদন্তের ফল এখনো প্রকাশিত হয়নি।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।