ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৭:৫৬
চলমান বার্তা:
গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১৪:১৭ আপডেট: ২৫.০৭.২০২৬ ২০:২০  (ভিজিটর : )

রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে কৃষকের আয় বাড়াতে হবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) অনুষ্ঠিত ‘৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্ত্রী আরডিএ উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখেন এবং একাডেমি চত্বরে একটি লটকন গাছের চারা রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফসোস প্রকাশ করে বলেন, বাংলাদেশে রাজনীতি নিয়ে ব্যাপক আলোচনা হলেও গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের সাফল্যগুলো প্রচারমাধ্যমে তেমন একটা গুরুত্ব পায় না। অথচ গবেষকদের নতুন নতুন উদ্ভাবন কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে সরাসরি বড় ভূমিকা রাখছে। 

দেশের গণমাধ্যমগুলোকে এসব সাফল্য ও নতুন উদ্ভাবনের খবর আরও বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।

কৃষি খাতের সংকট তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে কৃষকের প্রধান সমস্যা উৎপাদন নয়, বরং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এই সমস্যা সমাধানে কোল্ড স্টোরেজ সুবিধা, সঠিক সংরক্ষণ পদ্ধতি ও উন্নত বাজারজাতকরণ ব্যবস্থার ওপর জোর দেন তিনি। 

একই সঙ্গে এ খাতের গবেষণায় গতি আনা ও বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার পরামর্শ দেন।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে তরুণ সমাজকে কৃষিভিত্তিক উদ্যোগ, পণ্য সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাপনায় যুক্ত হতে হবে। এতে একদিকে যেমন নতুন কর্মসংস্থান তৈরি হবে, অন্যদিকে কৃষকরাও তাঁদের কষ্টের সঠিক মূল্য পাবেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।