ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ০:১৫
চলমান বার্তা:
হাসিনাকে তাড়িয়েছি, জনগণ আপনাদেরকেও তাড়াবে: ডা. শফিকুর রহমান
সিলেট অফিস
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১৮:১৩ আপডেট: ২৫.০৭.২০২৬ ২০:১৭  (ভিজিটর : )

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, "এখন যারা সরকার গঠন করেছেন, তারাও মজলুম ছিলেন। কিন্তু তারা ভুলে গেছেন, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া ও নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা তা মানব না। হাসিনাকে তাড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তবে জনগণ আপনাদেরকেও তাড়াবে।"

শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটায় সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জুলাই গণহত্যার বিচার, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের আঞ্চলিক বঞ্চনা ও বিভিন্ন দাবি তুলে ধরে জামায়াতের আমির বলেন, "মুক্তিযুদ্ধে সিলেটের মানুষ জেনারেল ওসমানীর নেতৃত্বে লড়েছিলেন। সেই সিলেটের কিছু ন্যায্য দাবি যুগের পর যুগ ঝুলে আছে, বাস্তবায়ন হচ্ছে না। প্রবাসীবহুল এলাকা হওয়া সত্ত্বেও এখানে নামমাত্র একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এখনো সেটি পূর্ণাঙ্গতা পায়নি। আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করুন।"

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা তুলে ধরে তিনি বলেন, "সমুদ্রের ঢেউ উপলব্ধি করার জন্য বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নেই, ঢাকা থেকে সিলেট এলেই তা বোঝা যাবে। আমরা চাই, অবিলম্বে এই সড়কের কাজ সম্পন্ন করে জনগণকে স্বস্তি দেওয়া হোক।"

সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, "সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। কলেজটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কেন? এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে প্রাণ ফিরিয়ে দেওয়া হোক। মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও কোনো দৃশ্যমান কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। অবিলম্বে এটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হোক।"

বর্তমান প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "সিলেটবাসীর আরও অনেক দাবি রয়েছে। আমরা জানি না, আমরা কার কাছে এসব দাবি করছি এবং আদৌ তারা এসব দাবি বাস্তবায়ন করবে কি না।"

আন্দোলনের পরবর্তী ধাপ ও গণভোটের দাবি প্রসঙ্গে তিনি বলেন, "আজকের এই বিভাগীয় সমাবেশ আমাদের শেষ সমাবেশ। আমরা সারা বাংলাদেশ ঘুরেছি। মানুষের একই দাবি—গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। সত্তর ভাগ মানুষ ‘হ্যাঁ’ বলেছে। এখন আমরা সেই ‘হ্যাঁ’ ভোটের বাস্তবায়ন দেখতে চাই।"

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা। সমাবেশকে কেন্দ্র করে সিলেটের চার জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।