নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে নাটোর শহরের কানাইখালী এলাকার কুইন্স রেস্টুরেন্টে ১১-দলীয় ঐক্যজোটের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির অধ্যাপক ড. নুরুল ইসলাম এবং এনসিপির নাটোর জেলা শাখার আহ্বায়ক মান্নাফ হোসেনসহ ১১-দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের মাধ্যমে মানুষ বৈষম্য, অন্যায়, দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে নিজেদের আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছে।
বক্তারা আরও বলেন, এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে এবং তরুণদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।
তারা বলেন, গণঅভ্যুত্থানের ফলে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তরুণ সমাজ রাষ্ট্রগঠনের বিষয়ে আরও সক্রিয় হয়েছে এবং সংস্কার ও জবাবদিহির দাবি জাতীয় আলোচনার কেন্দ্রে এসেছে। তবে এখনো অনেক প্রত্যাশা পূরণ হওয়া বাকি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নাগরিক অধিকার নিশ্চিত করার কাজ অব্যাহত রাখতে হবে।
প্রতিনিধি/আরএইচ