নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বিলে পড়ে আব্দুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বেলোবাড়ী বিলে নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন। পরে দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হোসেন উপজেলার দাউদপুর গ্রামের বেলোবাড়ী এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রোববার বেলা ১১টার দিকে আব্দুল হোসেন স্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে বেলোবাড়ী বিলে গরুর ঘাস কাটতে যান। ঘাস কেটে বাড়ি ফেরার পথে হঠাৎ মাথা ঘুরে তিনি নৌকা থেকে বিলে পড়ে যান।
এ সময় তার স্ত্রী চিৎকার করে স্থানীয়দের ডাকলে তারা ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা পর বিলের পানির নিচ থেকে আব্দুল হোসেনকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি জাকারিয়া মণ্ডল।
প্রতিনিধি/আরএইচ