মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে র্যাব-৮, বরিশালের উদ্যোগে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ এবং র্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। এছাড়া শিক্ষক, অভিভাবক, ইমাম, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং বর্তমান সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি।
এ সময় সাইবার অপরাধের শিকার হলে কীভাবে আইনি সহায়তা নেওয়া যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
অনুষ্ঠান শেষে র্যাব-৮, বরিশালের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ