নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চ থেকে মুমূর্ষু অবস্থায় থাকা মাত্র দুই দিনের এক নবজাতককে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার রাতে ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এম ভি মিতালী-০৭ লঞ্চে কৃত্রিম অক্সিজেনের সহায়তায় শিশুটিকে নিয়ে আসছিলেন তার মা। শুক্রবার ভোরে লঞ্চটি ফতুল্লা লঞ্চঘাট এলাকায় পৌঁছালে অক্সিজেনের সিলিন্ডার খালি হয়ে নবজাতকের অবস্থার অবনতি ঘটে।
এসময় এক আত্মীয় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে কোস্ট গার্ড বিষয়টি জানতে পারে।
পরে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম হাই স্পিড বোটে লঞ্চে পৌঁছে শিশুটিকে অক্সিজেন দিয়ে প্রাণ রক্ষা করে। এরপর নবজাতককে সদরঘাট হয়ে অ্যাম্বুলেন্সে ধানমন্ডি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জনসেবায় কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।