‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে র্যালি, যুবসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক বিলকিস আফরোজ, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, মোজাম্মেল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা এবং সাইদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন ও আহত হয়েছেন, তাদের চেতনা ধারণ করেই নতুন বাংলাদেশ গড়তে হবে।
তিনি বলেন, এখন আত্মজিজ্ঞাসার সময়—যুবসমাজকে কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হলে শিক্ষা, দক্ষতা ও জ্ঞানচর্চা বাড়াতে হবে এবং ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে।
তিনি মাদকের ভয়াবহতা উল্লেখ করে যুবদের এ অভিশাপ থেকে দূরে রাখার গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরও বলেন, দেশে এখন স্থিতিশীলতা প্রয়োজন। বিদেশি বিনিয়োগকারীরা চায় এখানে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকুক। আমরা আর কত রক্ত দেব? এখন জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে—এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আলোচনা সভার আগে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন, যুবকর্মী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিনিধি/একে