গণতান্ত্রিক শক্তিগুলো যদি একটি গণতান্ত্রিক রাজনৈতিক জোটে ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে, তবে জাতীয়ভাবে যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রের অংশ। এই হামলা পূর্বপরিকল্পিত এবং এর পেছনে বড় ধরনের শক্তি কাজ করছে। ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করা। এটি একটি সিম্বলিক আক্রমণ, যার মাধ্যমে তারা তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছে। এসব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করতে হবে।
রোববার বেলা ১১টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে তিনি শিববাড়ি মোড় এলাকায় অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক (কেডিএ শাখা), ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, কমার্সশিয়াল ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, মিডল্যান্ড ব্যাংক ও বিভিন্ন বীমা অফিসসহ একাধিক প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ছোট বয়রা পূজাখোলা সর্বজনীন মন্দিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডা. পরিতোষ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং বিপ্লব মিত্র ও অনিক বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ছোট বয়রা খ্রিস্টান পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।
এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব দেশ, সমাজ ও মানুষের সার্বিক কল্যাণে কাজ করা। হিংসা-বিদ্বেষ ও সহিংসতা পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এ দেশের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের ধর্মীয়, সামাজিক ও নাগরিক নিরাপত্তা রক্ষায় বিএনপি সব সময় সজাগ রয়েছে। তিনি সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে।
এ সকল কর্মসূচিতে কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, সাদিকুর রহমান সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একে