ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
সুনামগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা যারা সহ্য করতে পারে না, তারা গণতন্ত্র চায় না
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৪  (ভিজিটর : )

দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সুনামগঞ্জের গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। এতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকাল ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে মানববন্ধনে সভাপতিত্ব করেন। আয়োজক সংগঠনের সাধারণ চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার এ আর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, জেলা সিপিবির সাবেক সভাপতি আইনজীবী এনাম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহবায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন), এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ।

বক্তারা বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা যারা সহ্য করতে পারে না, তারা দেশে গণতন্ত্র চায় না। একটি মহল সব সময় গণমাধ্যমকে প্রতিপক্ষ ভাবে। আবার কেউ কেউ সুযোগ নিয়ে নানাভাবে গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের হয়রানি করে। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হয়। এটি সবাইকে বুঝতে হবে। বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে সত্য ও সাহসের পথে অবিচল থাকার আহবান জানান।

মানববন্ধনে সিপিবি নেতা এনাম আহমেদ বলেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীতে হামলা অশনিসংকেত। এভাবে ভয় দেখিয়ে প্রগতিশীলতাকে থামানো যাবে না। এই হামলা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। জুলাইয়ের চেতনাকে একটি মহল ছিনতাইয়ের চেষ্টা করছে। এই উগ্রবাদীদের রুখতে হবে। বক্তব্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘আমি কী রকমভাবে বেঁচে আছি’ কবিতার কয়েকটি পঙক্তি উল্লেখ করে এনসিপি নেতা দেওয়ান সাজাউর রাজার চৌধুরী বলেন,‘আমরা ভালো নেই। প্রিয় মাতৃভূমিতে ভালোবাসার বদলে প্রতিহিংসা, ঘৃণার চাষ হচ্ছে বেশি। জুলাই আন্দোলনের সমর্থনে যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আজ তারা আক্রান্ত। এটি বেদনার, কষ্টের। দেশের ভবিষ্যৎ গণতন্ত্রকে সুসংহত করতে হলে এই হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

মানববন্ধনে দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আইনজীবী মহসিন রেজা মানিক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মেহেদী হাসান, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, চ্যানেল এস ও দৈনিক রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, এখন টিভির জেলা প্রতিনিধি লিপসন আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর’র বার্তা সম্পাদক সজীব দে, বাংলাটিভির জেলা প্রতিনিধি আল হাবিব, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তামিম রায়হান, জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সমাজকর্মী হায়দার আলী, আকিক জাবেদ, সাংবাদিক মুশফিকুর রহমান স্বপন, মোহাম্মদ জাকারিয়া, রুজেল আহমদ, এম এ হালিম, বন্ধুসভার সাবেক সভাপতি প্রদীপ পাল, রনজিত কুমার দে ও শাহজাহান আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক নাট্যকর্মী সামির সামির পল্লব, নাট্যকর্মী অমিত রায়, আলোকিত মানবিক সংগঠন সুনামগঞ্জের সভাপতি শাহরিয়ার নাবিল, সহসভাপতি রোহান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।