ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনটিকে ‘মুক্তির দিন’ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আজকে মহা আনন্দের দিন। নতুন বাংলাদেশের জন্মদিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২-এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘খুব ভালো লাগল। এটা আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন। মুক্তির দিন।’
তিনি বলেন, ‘এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে অংশ থেকে আমরা সম্পূর্ণরূপে আজকে থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।’
প্রধান উপদেষ্টার ভাষ্যে, ‘আজকে জন্মদিন পালন করি আমরা, সারা দিনব্যাপী উৎসব করি। সবাই মিলে জাতি হিসেবে উৎসব করি। এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে... প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটিও খুব গুরুত্বপূর্ণ; কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে।’
জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।
তিনি আরও বলেন, ‘আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’
রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিচ্ছে বাংলাদেশের মানুষ। এর সঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মতামত দেবেন গণভোটে।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে বৃহস্পতিবার ভোট চলছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত হয়েছে।
সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়েছে, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
দেশবার্তা/একে