দেশে উদ্ভাবনভিত্তিক অর্থায়ন সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাল্টি-ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে বিনিয়োগ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘স্টার্ট-আপ ফাইন্যান্সিং ইনিশিয়েটিভ’-এর আওতায় ব্যাংকটি বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানিকে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে।
ব্যাংকের ভিশনের অংশ হিসেবে উদ্ভাবনমুখী অর্থায়নকে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ বিনিয়োগের মাধ্যমে দেশে উদ্যোক্তা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই মূল লক্ষ্য।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক-এর এসএমইএসপিডি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফার মাধ্যমে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির কাছে পে-অর্ডার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির, হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী, হেড অব এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের সমন্বিত ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড দেশে স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং উদ্ভাবনী উদ্যোগগুলোর জন্য টেকসই অর্থায়নের নতুন দুয়ার উন্মোচন করবে।
দেশবার্তা/একে