রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মাদক কারবারিদের গুলিতে মো. সিদ্দিকুর রহমান (৩৮) নামে এক পরিদর্শক গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।
ডিএনসি সূত্র জানায়, সায়েদাবাদ রেললাইন এলাকায় অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের লক্ষ্য করে একটি টিম অবস্থান নেয়। তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করার পর তাঁদের মধ্যে একজনকে আটক করার চেষ্টা করলে তিনি পকেট থেকে পিস্তল বের করে চার রাউন্ড গুলি ছোড়েন। এতে পরিদর্শক সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ পরিচালক রাজিউর রহমান বলেন, ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে সাতটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করছে। আহত পরিদর্শককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে।
দেশবার্তা/একে