ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৭:৩৯
চলমান বার্তা:
সুন্দরবনে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১৫:২৯  (ভিজিটর : )

সাতক্ষীরা সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করছিলেন আতিয়ার। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান শরীরে গুলি লেগে গুরুতর আহত হন। তাঁর সঙ্গে থাকা সহযোগী জেলেরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুন্দরবনের গহিন খালের এই ঘটনায় স্থানীয় বনজীবী ও জেলেদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে ইদানীং বনদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে, যার ফলে সাধারণ জেলেদের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। তাঁরা দ্রুত দস্যু দমনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান তাঁদের অফিসে আসেন। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যে শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আমরা বনদস্যু নির্মূলে তৎপর আছি। সুন্দরবনে শান্তি বজায় রাখতে যৌথ অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে। 

গুলিবিদ্ধ জেলের খোঁজখবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।