মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে একই রাতে আপন দুই ভাইয়ের গোয়ালঘর থেকে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ চুরির ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
সরেজমিনে জানা যায়, উপজেলার বরিশাট নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের দুই ছেলে মাহবুব বিশ্বাস ও খবির বিশ্বাসের বাড়িতে এ দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। প্রতিদিনের মতো রাতে গরুকে খাবার দিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মাহবুব বিশ্বাস বাইরে বের হয়ে তার গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন, তার ২টি গরুর একটিও নেই। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়ালঘর থেকেও ৩টি গরু ও ১টি ছাগল চুরি হয়েছে।
খবির বিশ্বাস জানান, তার চুরি হওয়া ৩টি গরু ও ১টি ছাগলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। অপরদিকে মাহবুব বিশ্বাস বলেন, তার ২টি গরুর মূল্য প্রায় ২ লাখ টাকা।
ভুক্তভোগীরা জানান, ধার-দেনা করে গরুগুলো লালন-পালন করছিলেন তারা, সামনে কোরবানির ঈদে বিক্রির পরিকল্পনা ছিল। এ ঘটনায় তারা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার পর বরিশাটসহ আশপাশের গ্রামের খামারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশকে মৌখিকভাবে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/আরএইচ