খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ফল-২০২৬ সেমিস্টারে ভর্তি মেলা গতকাল শনিবার সকাল দশটায় উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন মানসম্মত শিক্ষা নিশ্চিত আমরা সম্মিলিতভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে এতদঞ্চলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কেকেবিএইউ শীঘ্রই একটি ভাল অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভর্তি মেলা আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোঃ মুঈন উদ্দিনসহ ভর্তি মেলা কমিটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে তার মধ্যে রয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএসএলএম) এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ এমবিএ)।
৫ দিনব্যাপী চলমান এ ভর্তি মেলা আগামী ২৫ জুন শেষ হবে। এ বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৫০শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় দেওয়া হচ্ছে। একই সাথে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্তদের জন্য রয়েছে সম্পূর্ণ টিউশন ফি ওয়েভ এর সুযোগ। এছাড়াও একটি সেমিস্টারের টিউশন ফি তিন দফায় পরিশোধের সুযোগ রয়েছে।
প্রতিনিধি/আরএইচ