ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৭:৩৯
চলমান বার্তা:
২০২৭ সালে রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানানো হবে: শাহজাহান চৌধুরী
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১৫:১৯  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করা হচ্ছে এবং ২০২৭ সালের মধ্যে তাঁদের বিদায় বা ‘গুড বাই’ জানানো হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। 

সরকারের সংশ্লিষ্ট মহলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে জোরালোভাবে আলাপ তুলবেন বলেও জানান তিনি।

শনিবার বেলা ১১টায় উখিয়ার পালংখালী স্টেশনে অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ৭ দফা দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে। 

ক্যাম্পগুলোতে পাহাড় কেটে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) স্থায়ী আবাসন নির্মাণের প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

এ সময় তিনি নাফ নদের বাংলাদেশ অংশে স্থানীয় জেলেদের অবাধে মৎস্য আহরণের নিশ্চয়তা দেন এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মানববন্ধনে অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসাইন সাত দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে- রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত বন্ধ করা; মাদক, খাদ্যসামগ্রী ও মানবপাচারসহ অপহরণ প্রতিরোধ; এনজিওতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও স্থানীয়দের অগ্রাধিকার প্রদান; ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট ও অনলাইন জুয়া বন্ধ এবং বাঙালি ও রোহিঙ্গাদের মধ্যে বিয়ে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

উখিয়ার পালংখালী স্টেশন চত্বরে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন দাবি-সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। 

কর্মসূচিতে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।