গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়-এ (গাকৃবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে বহিরাগত কাউকে নিয়োগ না দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগ্য ও অভিজ্ঞ অধ্যাপকদের মধ্য থেকেই এ পদে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
রোববার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-এর নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, সম্প্রতি অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রো-ভিসি নিয়োগের গুঞ্জন শিক্ষক সমাজে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি করেছে। তাদের মতে, গাকৃবিতে দীর্ঘদিন ধরে কর্মরত বহু সৎ, যোগ্য, অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপক রয়েছেন, যারা প্রশাসনিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন। এ অবস্থায় বহিরাগত কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক স্থিতিশীলতা ব্যাহত হতে পারে। তারা আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিবারে অস্থিরতা, বিভাজন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারে, যা একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য মোটেও কাম্য নয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। তাই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগ্য ও পরীক্ষিত শিক্ষকদের মূল্যায়ন হওয়াটাই স্বাভাবিক ও যৌক্তিক।”
সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, একাডেমিক সংস্কৃতি ও গবেষণার ধারাবাহিকতা রক্ষায় এমন নেতৃত্ব প্রয়োজন, যারা প্রতিষ্ঠানের বাস্তবতা, সংকট ও সম্ভাবনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
মানববন্ধনে শিক্ষক সমিতির অন্যান্য সিনিয়র ও জুনিয়র শিক্ষকও উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, স্থিতিশীলতা ও একাডেমিক অগ্রগতির কথা বিবেচনা করে প্রো-ভাইস চ্যান্সেলর পদে গাকৃবির অভ্যন্তরীণ যোগ্য ও অভিজ্ঞ অধ্যাপকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার জোর দাবি জানানো হয়।
প্রতিনিধি/আরএইচ