ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোছা. কাউসার আজিজ লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশের সীমিত ভূমির দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার সাতটি উপজেলা ভূমি অফিস, দুটি পৌর ভূমি অফিস এবং ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস কাজ করে যাচ্ছে। এছাড়াও সম্প্রতি ব্যক্তি উদ্যোক্তাদের ব্যবস্থাপনায় ৪৩টি ভূমিসেবা সহায়ক কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে।
মেলার উদ্দেশ্য হলো—ভূমিসেবা ডিজিটাইজেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের দোরগোড়ায় সহজলভ্য ভূমিসেবা পৌঁছে দেওয়া, মেলায় নাগরিকদের সরাসরি ভূমিসেবা প্রদান, অনলাইন ভূমিসেবা সিস্টেম (land.gov.bd) ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা ও রাজস্ব আদায় বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।
আগামী ১৯ মে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বিভিন্ন স্টলে ভূমিসেবা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম মইন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, এসএম বিপ্লব হোসেন প্রমুখ।
প্রতিনিধি/আরএইচ