ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১২ মে ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২০:২০
চলমান বার্তা:
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে পূর্বাঞ্চল রেলের ব্যাপক প্রস্তুতি
এম আর আমিন, চট্টগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১৮:২৮  (ভিজিটর : )

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়ানুবর্তী ট্রেন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে যাত্রীসেবা উন্নয়ন, ট্রেন পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উজ্জীবিত করা এবং রেলের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) চট্টগ্রাম মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী (পূর্ব) তানভীরুল ইসলাম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. সফিকুর রহমান এবং পূর্বাঞ্চলের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জানানো হয়, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনের শিডিউল ঠিক রাখা, নিরাপত্তা জোরদার, অতিরিক্ত জনবল মোতায়েন এবং স্টেশন ব্যবস্থাপনায় কড়াকড়িসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জিএম মো. সুবক্তগীন বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে আমরা আগাম প্রস্তুতি নিয়েছি। যাত্রীদের ভোগান্তি কমাতে টিকিট বিক্রি ও স্টেশন ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যদেরও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রেনের ছাদে ভ্রমণ, কালোবাজারি ও টিকিট জালিয়াতি ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রুটগুলোতে ইঞ্জিন ও কোচের কারিগরি পরীক্ষা জোরদার করা হয়েছে, যাতে যাত্রাপথে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হয়েছে। যাত্রীদের বিশ্রাম, টিকিট সংগ্রহ এবং প্ল্যাটফর্মে চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, ঈদযাত্রাকে কেন্দ্র করে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন পরিচালনায় বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইঞ্জিন, কোচ ও সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি দ্রুত সমাধানের জন্য পর্যাপ্ত যন্ত্রাংশ ও প্রয়োজনীয় মালামাল সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জিএম বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিটি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা অবহেলা বরদাশত করা হবে না। যাত্রীসেবাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।”

সভায় মন্ত্রণালয় ও ডিজি দপ্তরের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে শ্রমিক ও ট্রেড ইউনিয়নের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়। 

সভায় নিয়োগবিধি-২০২০ দ্রুত সংশোধন, শূন্যপদে নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে জনবল সংকট নিরসন এবং ৪০ শতাংশ রেল পোষ্য কোটা বহাল রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রকল্পভিত্তিক ও অস্থায়ী কর্মীদের পূর্বের নিয়ম অনুযায়ী স্থায়ীকরণের দাবিও উত্থাপন করা হয়।

রেলের বিভিন্ন পুরোনো পদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন, কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী রেলকর্মীর পরিবারের সদস্যদের চাকরির বিধান পুনর্বহাল এবং সকল ট্রেনে ‘কোটামুক্ত’ সুবিধা চালুর বিষয়েও আলোচনা হয়। সভায় রেল কলোনিগুলোর অবকাঠামোগত সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। 

বিশেষ করে সিআরবি হাসপাতাল কলোনি, টাইগারপাস কলোনি, আমবাগান, সেগুনবাগান, ওয়্যারলেস, ক্যান্টিন গেইট ও বন্দর পোর্ট কলোনিতে পানি, বিদ্যুৎ, ড্রেনেজ ও রাস্তাঘাট সংস্কারের দাবি জানানো হয়। একই সঙ্গে অবৈধ দখলদার উচ্ছেদের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

এ ছাড়া নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ডে-কেয়ার, সেফটি কমিটি, সাপ্তাহিক ছুটি, হাসপাতালের ওষুধ ও চিকিৎসক সংকট নিরসন এবং রেল স্কুলগুলোর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে রেলভূমি ইজারা কার্যক্রম পর্যালোচনা ও সহজীকরণের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি রেল স্কুল, ম্যানস স্টোরস, সিসিএস ও কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির পরিচালনা পরিষদ হালনাগাদ ও পুনর্গঠনের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট সকল বিভাগকে ঈদযাত্রা সামনে রেখে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার’
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার’
স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দেবে এআই ক্যামেরা, যেসব ভুল করবেন না
স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দেবে এআই ক্যামেরা, যেসব ভুল করবেন না
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg