নওগাঁ সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ সদর খাদ্যগুদামে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোময়রা মন্ডল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ডিজিটাল পদ্ধতিতে অ্যাপের মাধ্যমে কৃষকদের আবেদন গ্রহণ করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হচ্ছে এবং কেবল নির্বাচিত কৃষকরাই খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারছেন। সংগ্রহ অভিযানের প্রথম দিনে নির্বাচিত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ২ টন ধান কেনা হয়।
সদর খাদ্যগুদাম থেকে এবার মোট ১ হাজার ৯৩৮ টন ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে এবং ৪৯ টাকা কেজি দরে ২০ হাজার ৯১৯ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৪৮ টাকা কেজি দরে ১ হাজার ৮০৩ টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ১২৯ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা এবং জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আব্দুল মোতালেব তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু কৃষকদের সঠিক মূল্য নিশ্চিত করতে এবং সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।
প্রতিনিধি/একে