নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে আজকেও উত্তাল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস। প্রধান ফটক বন্ধ করে দিয়ে ক্যাম্পাসের ভেতরে সোমবার সকাল ১০টা থেকেই বিক্ষোভ শুরু হয়। ক্যাম্পাসের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
ডুয়েটের একটি সূত্র জানিয়েছে, নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল গাজীপুরেই অবস্থান করছেন। নিরাপদে থেকে দাপ্তরিক কিছু জরুরি কাজ সারছেন। তবে আজকে তাঁর ক্যাম্পাসে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।
ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তৈয়ব বলেন, শিক্ষার্থীদের আমরা বোঝানোর চেষ্টা করছি।
শিক্ষার্থীরা জানায়, প্রধান ফটকে তালা দিয়ে আমরা ব্লকেড কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
রোববার আন্দোলনের মুখে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে পাশের গাজীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে পুলিশি নিরাপত্তার মধ্যে অবস্থান করেন। বিকেলে সেখানেই তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের বিষয়ে নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, রাষ্ট্র তাঁকে নিয়োগ দেওয়ার পর তিনি যোগদান করেছেন। আলোচনার মাধ্যমেই তিনি উপাচার্যের কার্যালয়ে যাবেন।
মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আগের দিন রোববার নতুন ভিসির যোগদান ঘিরে ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সকাল ১০টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
ছাত্রদলের অভিযোগ, ছাত্রশিবির পরিকল্পিতভাবে ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। উপাচার্যবিরোধী আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীর লেবাসধারী ছাত্রশিবির। তবে ছাত্রশিবিরের অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীরা সংঘবদ্ধ হামলা চালিয়েছে।
দেশবার্তা/একে