ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৫:৩৬
চলমান বার্তা:
গাইবান্ধায় বজ্রপাতে নারীসহ আহত ৫
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১৮:৪৮  (ভিজিটর : )

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে চার নারী ও এক পুরুষসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে নুরিনা বেগম ও আতোয়ার রহমানের অবস্থা গুরুতর হওয়ায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা বিনতে ফারুক।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমার পর সুন্দরগঞ্জ পৌরসভা, রামজীবন ও দহবন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন— সুন্দরগঞ্জ পৌরসভার মুরাদ মিয়ার স্ত্রী মোছা. সোনালী বেগম (২৬), রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের নুরুন্নবী মিয়ার স্ত্রী মোছা. নুরিনা বেগম (২৪), দহবন্দ ইউনিয়নের মৃত বাবর আলীর ছেলে মো. আতোয়ার রহমান (৪৯), একই ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের আয়নাল হকের স্ত্রী জয়নব বেগম (৪৬) এবং জরমনদী গ্রামের জয় কৃষ্ণের স্ত্রী শ্রীমতি উষা রানী (৫১)।

স্থানীয়রা জানান, কয়েকদিনের তীব্র গরমের পর মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আকাশে কালো মেঘ জমে এবং মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় প্রচণ্ড বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের বিকট শব্দে মুহূর্তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সোনালী বেগম, নুরিনা বেগম, আতোয়ার রহমান, জয়নব বেগম ও উষা রানী আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সোনালী বেগম জরুরি বিভাগ থেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জয়নব বেগম ও উষা রানীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।

তবে নুরিনা বেগম ও আতোয়ার রহমানের শারীরিক অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা বিনতে ফারুক বলেন, “বজ্রপাতে আহত পাঁচজনের মধ্যে তিনজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।”

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।