বিশ্বকাপ এলেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক, খোঁচাখুঁচি আর উন্মাদনা যেন নতুন মাত্রা পায়। তবে এবার শেরপুরে ঘটেছে এক ব্যতিক্রমী ও রসাত্মক ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক শিবু প্রকাশ্যেই দল বদলের ঘোষণা দিয়েছেন। শুধু দল বদলেই ক্ষান্ত হননি তিনি, রীতিমতো ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল শিবিরে।
গতকাল সোমবার রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার ‘সজনের ছাদ’ নামক স্থানে এই অভিনব আয়োজনের ব্যবস্থা করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক।
দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে শিবু জানান, তিনি দীর্ঘদিন ধরে মূলত লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। তবে এটিই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত ফুটবলার নেই বলে মনে করেন তিনি। ফলে দলটির ওপর থেকে তার ভরসা কমে গেছে।
অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারের খেলা সবসময়ই তার দারুণ পছন্দ। মূলত এসব কারণেই তিনি দল বদলে ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থক আলিম জানান, শিবু শেরপুরেরই স্থানীয় বাসিন্দা। প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে বরণ করে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত অন্য সমর্থকেরা উল্লাস প্রকাশ করে তাকে স্বাগত জানান।
ব্রাজিলের আরেক সমর্থক জাকির হোসেন বলেন, শিবুর এই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানান। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এমন পরিবর্তন আসতেই পারে। এখন থেকে শিবু তাদের ব্রাজিল শিবিরের অংশ এবং তারা সবাই মিলে প্রিয় দলের জয় কামনা করবেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিশ্বকাপকে সামনে রেখে শেরপুরে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহল ও আমোদের সৃষ্টি করেছে। ঘটনাটির ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।
বিশ্বকাপের এই মহাউন্মাদনার মধ্যে শেরপুরের এই অভিনব কাণ্ড এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
প্রতিনিধি/একে